চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের ১৭৭টি গণমাধ্যমে প্রকাশিত ৬৮১টি ভুল তথ্যসম্বলিত প্রতিবেদন শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এসব প্রতিবেদন যাচাই করে ভুল তথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ভুল তথ্য প্রকাশের দিক থেকে শীর্ষে রয়েছে দৈনিক ইনকিলাব, যেখানে ২১টি ভুল তথ্যসংবলিত প্রতিবেদন শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইত্তেফাক (১৯টি), তৃতীয় অবস্থানে যৌথভাবে যুগান্তর ও বিডি২৪রিপোর্ট (১৪টি করে), চতুর্থ স্থানে বাংলাদেশ টাইমস (১৩টি), পঞ্চম স্থানে কালবেলা (১২টি), ষষ্ঠ স্থানে রূপালী বাংলাদেশ (১১টি) এবং সপ্তম স্থানে যৌথভাবে বৈশাখী টিভি ও বার্তা বাজার (১০টি করে)।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আরও বলা হয়, ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, যার ৮৭ শতাংশই ইতিবাচক বয়ানের। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচার করা হয়েছে বিএনপিকে নিয়ে, যার ৫০ শতাংশই ইতিবাচক প্রকৃতির।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে মোট ১৪৬টি ঘটনায় ভুল তথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে মার্চ ও জুন মাসে সর্বোচ্চ ৩৪টি করে ঘটনা (২৩ শতাংশ), এপ্রিলে ২৭টি (১৮ শতাংশ) এবং সবচেয়ে কম জানুয়ারিতে ১৫টি ঘটনা শনাক্ত হয়েছে।
বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদনে সবচেয়ে বেশি ৫৪টি ভুল তথ্য পাওয়া গেছে। এরপর রাজনৈতিক বিষয়ে ৪১টি, জাতীয় বিষয়ে ২৯টি, খেলাধুলা বিষয়ে ১০টি, ধর্মীয়, বিনোদন ও শিক্ষা বিষয়ে ৩টি করে, স্বাস্থ্য বিষয়ে ২টি এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে ১টি ভুল তথ্য শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৫ জুন লক্ষ্মীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি গণমাধ্যম ভুল তথ্য প্রকাশ করেছে। অন্তত ৬৭টি মূলধারার গণমাধ্যম ওই ঘটনায় নিহত এক নারীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করে। তবে রিউমর স্ক্যানারের যাচাইয়ে জানা যায়, তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের এইচএসসি পাস করা শিক্ষার্থী ছিলেন এবং কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি।
এ ছাড়া, সবচেয়ে বেশি গণমাধ্যমে ভুল তথ্য প্রচারিত এমন ১৩টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শীর্ষ ছয়টি ঘটনার তিনটি জাতীয়, একটি রাজনৈতিক, একটি স্বাস্থ্য এবং একটি আন্তর্জাতিক বিষয়ক।


















