মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর থাকা অবস্থাতেই তিনি এ সফরে বের হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের রাষ্ট্রীয় আরবি ভাষার অ্যাকাউন্ট থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে নেতানিয়াহু ওয়াশিংটন সফর করছেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন।
নেতানিয়াহুর এ সফর এমন সময়ে হচ্ছে, যখন তার বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনও কার্যকর রয়েছে। আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও তা উপেক্ষা করেই তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
হোয়াইট হাউসে এই বৈঠক ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার সপ্তম দ্বিপক্ষীয় বৈঠক।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ট্রাম্প ও নেতানিয়াহুর ধারাবাহিক বৈঠক যুক্তরাষ্ট্র-ইসরায়েল কৌশলগত সম্পর্কের দৃঢ়তারই প্রতিফলন।


















