ব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।
রোববার (২৬ জুলাই) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগপত্র জমা দেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।
অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্তরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, অভিযুক্তদের কয়েকজন এখনো জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, এ অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের সত্যতা বা দায়-দায়িত্ব এখনো আদালতে প্রমাণিত হয়নি।


















