রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জামিন দিয়েছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই তিনি জামিনে রয়েছেন এবং মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তৌহিদ আফ্রিদির জামিন আবেদন শুনানি শেষে তা মঞ্জুর করেন।
তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তার মক্কেলের বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার ওয়ারী থানার মামলায়ও জামিন মঞ্জুর হওয়ায় বর্তমানে সব মামলাতেই তিনি জামিনে আছেন। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত ১৫ জুন এ মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে বিভিন্ন ধাপে অর্থ বিনিয়োগে উদ্বুদ্ধ করে প্রথমে অল্প পরিমাণ টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করা হয়। এরপর লাভের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় প্রতারণার মামলা দায়ের করেন।
এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।


















