গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে অটোরিকশাচালক স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পিপাশা আক্তার (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (২২) জামালপুরের মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেপ্তার হওয়া পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে স্বামী-স্ত্রী টঙ্গীতে এসে মাছিমপুর কলাবাগান বস্তিতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। আবুল কালাম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী পিপাশা আক্তার ওড়না দিয়ে স্বামীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


















