সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ কয়েকটি ইস্যুতে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে তারা পদত্যাগ করেন।
মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথক পদত্যাগপত্র জমা দেন এসব আইন কর্মকর্তা। পদত্যাগকারীদের মধ্যে সবাই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম কমিশন অধ্যাদেশ পাস না করার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী ডিএজিরা হলেন— এম ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
এ ছাড়া পদত্যাগকারী এএজিরা হলেন— ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।


















