পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।
বুধবার সকাল ১১টায় শহীদ ওয়াসিমের সমাধি সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবীরা।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের প্রতিনিধি সাইফুল রহমান শহীদ ওয়াসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদ ওয়াসিমসহ জুলাই আন্দোলনের সব শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
সাইফুল রহমান বলেন, শহীদদের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। মানবতার সেবা, শহীদ ও শহীদ পরিবারের প্রতি সম্মান এবং পরিবেশ সংরক্ষণ—এই তিন ক্ষেত্রেই তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, একটি বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর প্রতীক। শহীদদের স্মৃতিবিজড়িত স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি তাঁদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে তোলা হচ্ছে।
তারুণ্যের জুলাই ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কর্মসূচিতে উপস্থিত অতিথি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি। তারুণ্যের জুলাই ফাউন্ডেশন—জুলাই চেতনা, মানবতার সেবা।


















