সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
ওসি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি টিম এসে তাকে নিয়ে যায়। এ ঘটনায় সিআইডিতে একটি মামলা চলমান রয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করছে।
১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করে, তাকে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন শেষে পিবিআই জানায়, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ। তদন্তে হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় সংস্থাটি। এর ফলে সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্তদের দায়মুক্তি দেওয়া হয়। পিবিআইয়ের ওই প্রতিবেদনে ডনের নামও অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়ে।
তখন গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ডন বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। আমি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম।’
তিনি আরও বলেছিলেন, প্রায় ২৪ বছর ধরে বন্ধুকে হত্যার মিথ্যা অপবাদ বয়ে বেড়াতে হয়েছে তাকে। সত্য একদিন প্রকাশ পাবেই—এমন বিশ্বাস থেকেই তিনি ধৈর্য ধরেছিলেন বলেও জানান।
তবে পিবিআইয়ের ওই প্রতিবেদনের পরও বিষয়টি শেষ হয়নি। আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। এর পর নতুন করে দায়ের করা হত্যা মামলায় এবার গ্রেপ্তার হলেন অভিনেতা ডন।


















