রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
অভিযোগ দাখিলের সময় প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম ও মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন।
মামলায় শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণজাগরণ মঞ্চের নেতা, সাংবাদিকসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বেনজীর আহমেদ, জেনারেল (অব.) আজিজ আহমেদ, জিয়াউল আহসান, হারুন-অর-রশীদসহ সাবেক সেনা, পুলিশ ও র্যাবের একাধিক কর্মকর্তা।
এ ছাড়া গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপাকেও এ মামলায় আসামি করা হয়েছে।
মামলার অভিযোগের ওপর শুনানি শেষে পরবর্তী আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


















