চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচনও অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরডিবি কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বর্তমানে রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় সংসদের স্পিকার দায়িত্ব পালন করছেন।
উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ অঞ্চলের কৃষিকে আরও লাভজনক করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, সরকারের চার মাসের কার্যকালের মধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে তিনি বলেন, ‘চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা আগেও জানিয়েছি।’
অনুষ্ঠান শেষে মন্ত্রী পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

















