সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের কারণে তিনি আইনি সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের সময়েও আমরা তার সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুযায়ী তিনি প্রিভিলেজড; তার ইমিউনিটি রয়েছে। ফলে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না।”
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তিনি সেগুলো পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াই আইনি বিধান অনুসরণ করে সম্পন্ন হয়েছে।
সাহাবুদ্দিনকে নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সবাই মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা ভোগ করছে। কেউ তার বিরুদ্ধে অভিযোগ বা সমালোচনা করতেই পারেন, তবে সরকার এসব অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।
বিরোধী দল ও এনসিপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে অভিযোগ তুলতেই পারে। কিন্তু এসব অভিযোগে সরকার গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় খুঁজে পায়নি।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি কেবল সংবাদমাধ্যমে দেখা গেছে। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই।
তিনি বলেন, “কথা বলার জন্য লন্ডনে যেতে হয় না। এখন ইন্টারনেটের যুগ। কেউ চাইলে এখান থেকেই বিশ্বের যেকোনো প্রান্তে যোগাযোগ করতে পারে।”
রাষ্ট্রপতি হওয়ার আগে সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়ের অভিযোগ থাকলে তা তখনকার আইন অনুযায়ীই বিবেচিত হবে। বর্তমান দায়িত্ব পালনের সঙ্গে সেই বিষয়টির কোনো সম্পর্ক নেই।
















