ক্ষমতার মোহ ও অর্থবিত্ত অর্জনের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের সেবাকে রাজনীতির মূল লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতায় অত্যাধুনিক ও নারী-নেতৃত্বাধীন ‘জামিরতা ভিশন সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. এম এ মুহিত বলেন, “ক্ষমতার লোভ নয়, জনগণের সেবায় রাজনীতি করতে হবে। যারা ক্ষমতার জন্য নয়, মানুষের দায়িত্ব নিতে রাজনীতিতে আসবেন, নির্দিষ্ট মেয়াদ শেষে দেখা যাবে তাদের ব্যাংক ব্যালেন্স কমছে, বাড়ছে না।”
তিনি বলেন, অতীতে এমন রাজনৈতিক সংস্কৃতি ছিল যেখানে একবার নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর জনগণের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। সেই পুরোনো ধারার পরিবর্তে সততা, জবাবদিহিতা ও জনসেবাভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধিদের নির্ধারিত সময়ের জন্য পূর্ণসময়ের ভিত্তিতে জনগণের সেবা করতে হবে। রাজনীতি যেন ব্যক্তিগত সম্পদ বা দালান-কোঠা গড়ার মাধ্যম না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর কর্মনিষ্ঠার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সকাল ৯টার আগেই অফিসে পৌঁছে দেশের কাজে আত্মনিয়োগ করেন।”
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে ড. এম এ মুহিত বলেন, গত তিন বছর ধরে দেশের প্রান্তিক মানুষের কাছে আধুনিক চক্ষুসেবা পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, জামিরতার এই ভিশন সেন্টার সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি জানান, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসেই ঢাকা কিংবা নিউইয়র্কের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি চোখের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















