বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) শিল্প মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩-এর ১২(২) ধারা অনুযায়ী তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য গ্রেড-২ পদমর্যাদায় বিসিকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় বেনজীর আহমেদ টিটো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।
তিনি বলেন, “আমার সামর্থ্যের পুরোটা দিয়েই চেষ্টা করব দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিসিককে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে।”
তিনি আরও বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিসিকের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
এ সময় তিনি দায়িত্ব পালনে দেশবাসীর দোয়া ও সবার সহযোগিতা কামনা করেন।


















