আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, “ভারত সফরের আমন্ত্রণপত্র আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
যদিও বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র নয়, তবুও বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি আমন্ত্রিত কয়েকটি দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরাও অংশ নেবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।


















