জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এনআইডি নবায়ন ও স্থানান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রক্রিয়া এবং ফিও নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এনআইডি নবায়নের সময় আবেদনকারীকে পরিবারের সদস্যদের এনআইডির তথ্যও জমা দিতে হবে। একইভাবে এনআইডি স্থানান্তরের ক্ষেত্রেও নির্ধারিত তথ্য প্রদান বাধ্যতামূলক হবে। উভয় সেবার জন্য নির্ধারিত ফি দিতে হবে।
আখতার আহমেদ বলেন, এনআইডির ১৫ বছর পরপর নবায়ন বাধ্যতামূলক করতে আইন সংশোধনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এটি কার্যকর হবে।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর তথ্য ও বায়োমেট্রিক একসঙ্গেই গ্রহণ করা হবে। এরপর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসি।
এ ছাড়া ভোটার তথ্য সংগ্রহের বয়সসীমা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এবং ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ভবিষ্যতে আরও কম বয়স থেকে তথ্য সংগ্রহ করা হবে কি না, সে বিষয়ে পর্যালোচনা চলছে।


















