স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে নিরপেক্ষ। জনগণের ভোটেই জনপ্রতিনিধিদের নির্বাচিত হয়ে আসতে হবে।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছামতো বরখাস্ত করা উচিত নয়। তিনি ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, গরিব মানুষের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। পাশাপাশি চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে।” এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি এ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সরকারি ত্রাণ যথাযথভাবে বিতরণের নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, আগে যেখানে ত্রাণের বরাদ্দ এপ্রিল মাসে দেওয়া হতো, এবার থেকে তা সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। এতে বছরের বাকি চার মাসের মধ্যে ত্রাণ বিতরণের কাজ সম্পন্ন করা সহজ হবে।


















