পুলিশের অভিযানের পর শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড ও পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা। তারা আন্দোলনকারীদের অভিযোগ শোনা এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) পাঞ্জাবি অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রামে লেখেন, “যা ঘটেছে তা দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি।” তিনি শিক্ষার্থীদের ক্ষোভ ও অভিযোগ গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানান। পাশাপাশি কৃষক আন্দোলনের সময় কথা বলায় ‘দেশদ্রোহী’ আখ্যা পাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
অভিনেতা রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এক্সে দেওয়া যৌথ পোস্টে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বলেন, তরুণদের কণ্ঠস্বর শোনা উচিত, কারণ তারাই দেশের ভবিষ্যৎ। এর আগে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা-নির্মাতা প্রকাশ রাজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। শাবানা আজমি বলেন, আন্দোলনটি শান্তিপূর্ণ এবং এটি সংবিধানপ্রদত্ত অধিকারের চর্চার অংশ।
অভিনেত্রী হুমা কুরেশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের সমালোচনা করে বলেন, এ ধরনের আচরণ তাকে গভীরভাবে ব্যথিত করেছে।
চিত্রনাট্যকার সুতপা সিকদার বলেন, জবাবদিহি চাইতে আসা শিক্ষার্থীদের সংগ্রামের প্রতি সম্মান দেখানো উচিত।
অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস বলেন, মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারলেই গণতন্ত্র শক্তিশালী হয়। তিনি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান।
অন্যদিকে অভিনেত্রী ভূমি পেডনেকারও সহিংসতার নিন্দা জানিয়ে শিক্ষাব্যবস্থার বিভিন্ন অসংগতি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দিল্লির চলমান আন্দোলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বলিউডের তারকাদের এসব প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


















