একটি সমাবেশকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীরা মিছিল ও পাল্টা মিছিল করেছে।
এ নিয়ে সকাল থেকে থানা পয়েন্টসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। তবে পরে এক পক্ষ সমাবেশ করলেও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার দিরাই থানা পয়েন্টে সমাবেশ করে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী সমর্থিত গ্রুপ। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
এর পরিপ্রেক্ষিতে শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন নাছির উদ্দিন চৌধুরীর ছোট ভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা। এ সমাবেশে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত নেতাকর্মীরাও সমর্থন জানান।
এদিকে, মাসুক চৌধুরী সমর্থিতদের সমাবেশের প্রতিবাদে শুক্রবার রাতে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করে নাছির উদ্দিন চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা। শনিবারের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই থানা পয়েন্ট এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিরাই থানার ওসির অনুরোধে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তবে ১৪৪ ধারা উপেক্ষা করে উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করেন। এ সময় দিরাই থানা পয়েন্টসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা।
দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান ওবায়দুর চৌধুরী মিশু, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অসক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ ও দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদারসহ অন্যরা।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে থানা পয়েন্ট, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মিছিলের পর এক পক্ষ সমাবেশ শুরু করলেও এখন পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


















