মো. সোহাগ হোসেন, যশোর জেলা সংবাদদাতা:
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা সর্দার নুরুল আমিন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। শনিবার ৮ আগষ্ট সকাল ১১ সময় তিনি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং যাত্রীসেবা আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই টুরিস্ট ভিসা চালুর বিষয়টি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বেনাপোল সীমান্ত দিয়ে যাতায়াতকারী যাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারেন সে জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করছি।
তিনি আরও বলেন, আমি রেলের মহাপরিচালকের সঙ্গে কথা বলব, যাতে ঢাকা থেকে বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় ট্রেন চলাচলের ব্যবস্থা দ্রুত করা যায়। এই সংযোগ চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
সর্দার নুরুল আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তঃযোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক এবং সীমান্তভিত্তীক বাণিজ্য আরও শক্তিশালী হবে। এবং দুই দেশের মানুষের চলাচল সহজ করা এবং বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। খুব শিগগিরই এর ইতিবাচক ফল মানুষ দেখতে পাবে।
পরিদর্শনকালে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, নাভারণ সার্কেলের এএসপি মো. আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন, স্পেশাল ব্রাঞ্চ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















