সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন ১৩ নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহরিয়ার ইমন।
ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে জালালপুর ইউনিয়নবাসীর। এসব সমস্যা সমাধানে রাস্তা সংস্কার ও নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, কবরস্থান ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শাহরিয়ার ইমন।
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার কথাও জানান তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরছেন এই চেয়ারম্যান প্রার্থী।
মাদক নিয়ন্ত্রণকেও নিজের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন শাহরিয়ার ইমন। তার ভাষ্য, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি ইউনিয়নে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চান তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও হয়রানির শিকার হওয়ার কথাও জানিয়েছেন শাহরিয়ার ইমন। তবে এসব প্রতিকূলতা তাকে মানুষের পাশে থাকা থেকে বিরত রাখতে পারেনি বলে দাবি তার।
স্থানীয় দিনমজুর রহিম বলেন, “শাহরিয়ার ইমন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় পাশে থাকেন। আমরা এলাকার উন্নয়নে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”
ব্যবসায়ী আজাদ খান বলেন, “ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে তার অবস্থান আমরা দেখেছি।”
স্থানীয় বাসিন্দা জুলেখা খাতুন বলেন, “ইমন এলাকার মানুষের খোঁজখবর রাখেন। বিশেষ করে অসহায় ও বয়স্ক মানুষের পাশে থাকার চেষ্টা করেন।”
চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার ইমন বলেন, “জালালপুর ইউনিয়নের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে রাস্তা, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিক সেবার উন্নয়নে কাজ করব। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ বাড়ছে। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও নিয়মিত গণসংযোগের কারণে চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার ইমনকে ঘিরে আলোচনা ও জনসমর্থনও বাড়ছে বলে স্থানীয়দের দাবি। তবে শেষ পর্যন্ত ভোটারদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে জালালপুর ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাচ্ছে।

















