হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে ফেরার পথে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী।
হামলার ঘটনায় এনসিপির স্থানীয় নেতারা বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মতবিনিময় সভা শেষে এনসিপির নেতারা বের হলে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে চৌমুহনী এলাকায় পৌঁছালে তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ওসি মো. ছবেদ আলী বলেন, “কর্মসূচি শেষে বের হওয়ার সময় দূর থেকে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হলে গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হন।”
এর কিছুক্ষণ পর সারজিস আলম আরেকটি ফেসবুক পোস্টে দাবি করেন, “দ্বিতীয় দফায় সিলেটের পাঁচ মাইল বাজারে আবারও আমাদের ওপর হামলা হয়েছে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?”
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটে। পরদিন মৌলভীবাজারে পুলিশের বাধার পর দলের কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। পরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় স্থানীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান।
















