বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারতের বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনে যাচ্ছেন। পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তামিম ইকবালের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বুধবার বিসিবির সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় পূর্বাচল স্টেডিয়াম প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং দ্রুত কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, ভারত সফরে তামিম ও শাহনিয়ান তানিম বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো, জিমনেশিয়াম, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স এবং খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির।
তবে সফরকালে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কোনো বৈঠক হবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
















