ডেস্কটপ ভার্সনে আকস্মিক বিভ্রাটের কারণে বন্ধ হয়ে গেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সেবা। এতে সাধারণ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর থেকে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে লগ-ইন করতে না পারা, ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং নিউজ ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার অভিযোগ পাওয়া যায়।
ব্যবহারকারীরা জানান, ডেস্কটপ ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেও অনেকেই লগ-ইন করতে পারছেন না। কারও ক্ষেত্রে ওয়েবসাইট খুলতে দীর্ঘ সময় লাগছে, আবার কারও নিউজ ফিড আপডেট হচ্ছে না।
এদিকে, ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন সাইটেও ফেসবুকের এ বিভ্রাটের তথ্য উঠে এসেছে। ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, যা ব্যাপক প্রযুক্তিগত বিভ্রাটের ইঙ্গিত দেয়।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ বা সেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়ে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

















