আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন এক ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
কেউ তাকে শুভকামনা জানিয়েছেন, আবার কেউ পাত্র হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। তবে ফাইনালের আগে এসে সেই ‘বিয়ে’ প্রসঙ্গে কিছুটা দ্বিধায় পড়েছেন এই অভিনেত্রী।
রোববার (১৯ জুলাই) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাস্যরসের সুরে পরীমনি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই এত সিরিয়াসলি নেবে। এত এত বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না, কী করব।’
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মজার ছলে দেওয়া পোস্টটি যে এতটা আলোচনার জন্ম দেবে, তা তিনি কল্পনাও করেননি। তবে বিয়ের পথে আরেকটি বড় বাধার কথাও তুলে ধরেন তিনি।
পরীমনি বলেন, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। আগে আমার অভিভাবক ছিল, এখন তো ওই পর্যায়ের কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগে ছেলে যদি অভিভাবক হয়ে আমাকে বিয়ে দেয়, তাহলেই বিয়ে করতে পারব।’
এদিকে আজ রাতেই বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।
আর্জেন্টিনার সমর্থক হিসেবে দারুণ উচ্ছ্বসিত পরীমনি। তবে স্পেনের পারফরম্যান্স নিয়েও তিনি সতর্ক।
তার ভাষায়, ‘লড়াইটা হবে। স্পেন খুব ভালো খেলছে। তবে মন বলছে, শেষ পর্যন্ত বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। আমি চাই, আর্জেন্টিনা জিতুক, মেসি গোল্ডেন বুট পাক।’
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, মেসির প্রতি ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।
গত বুধবার দিবাগত রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’
মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর হ্যারি কেইনকে নিয়েও আরেকটি হাস্যরসাত্মক পোস্ট দেন তিনি। সব মিলিয়ে এখন ভক্তদের কৌতূহল—আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, তাহলে সত্যিই কি আবার বিয়ের পিঁড়িতে বসবেন পরীমনি?

















