তরুণ নাট্যনির্মাতা শামীম মোহাম্মাদ দাবি করেছেন, প্রযোজকদের ‘উপঢৌকন’ পাঠানোর মতো অনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে রাজি না হওয়ায় তিনি নিয়মিত কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
২০২৩ সাল থেকে নাটক নির্মাণ শুরু করেন শামীম মোহাম্মাদ। নির্মাণের পাশাপাশি নাট্যরচনাতেও তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর রচিত ও নির্মিত একাধিক নাটক ইউটিউবে ২০ লাখ, ৩০ লাখ এবং ৫০ লাখেরও বেশি দর্শক পেয়েছে।
এত দর্শকপ্রিয়তা অর্জনের পরও কেন তিনি নিয়মিত নির্মাণে দেখা যাচ্ছেন না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম বলেন, “সহকারী পরিচালক হিসেবে কাজ করার সময় এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, যা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল।
তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি শুধু আমার কাজের মাধ্যমেই দর্শকের কাছে পৌঁছাতে চাই। আমার বিশ্বাস, কোনো নির্মাতার কাজের সুযোগ পাওয়ার জন্য অনৈতিক কোনো পথ বেছে নেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “অনেকে মনে করেন, হিটের চেয়ে ফ্লপ নাটক বেশি হওয়ার কারণেই আমি পিছিয়ে পড়েছি। আমি অকপটে স্বীকার করি, আমার সফল কাজের পাশাপাশি ব্যর্থতাও আছে। কিন্তু কাজের প্রস্তাব যে আসে না, তা নয়। আমি এমন কোনো পথ বেছে নিতে চাই না, যা আমার নীতিবোধের সঙ্গে সাংঘর্ষিক। যে অর্থ দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা চালাই, সেটি আমি সৎভাবেই উপার্জন করতে চাই।”
বর্তমান নাট্যাঙ্গনের পরিস্থিতি নিয়ে শামীম বলেন, “আমার পরে আসা অনেকেই ধারাবাহিকভাবে কাজ করছেন এবং নিজেদের অবস্থান তৈরি করছেন। আপাতদৃষ্টিতে আমি হয়তো হারিয়ে গেছি, কিন্তু আমি বিশ্বাস করি, একদিন যোগ্য পৃষ্ঠপোষকতা পাব। সেদিন আরও শক্তিশালী নির্মাণ নিয়ে দর্শকের সামনে ফিরতে চাই। আমি হয়তো ছোট একজন মানুষ, কিন্তু স্রোতের বিপরীতে চলার সাহস রাখি।”

















