মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা :
একজন ক্যান্সার আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়েছিলেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাইছিলেন, যেন একটি জীবন বাঁচানো যায়। কিন্তু সেই মানবিক উদ্যোগই শেষ পর্যন্ত কেড়ে নিল তার নিজের জীবন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার্জে সংযুক্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়স্পর্শী এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার বদিজামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহে কয়েকজনের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে আর্থিক সহায়তা সংগ্রহ করছিলেন আবেদ আলী। একপর্যায়ে একটি বাড়ির আঙিনায় চার্জে সংযুক্ত অবস্থায় রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশার গায়ে হেলান দেন তিনি। এ সময় অটোরিকশাটি বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবেদ আলী উপজেলার বদিজামাপুর এলাকার মোস্তা রহমানের ছেলে। এলাকাবাসীর কাছে তিনি একজন মানবিক, পরোপকারী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছিল তার স্বভাব। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে নেমেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অন্যের জীবন বাঁচানোর সেই চেষ্টাই হয়ে উঠল তার জীবনের শেষ অধ্যায়।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আবেদ আলীর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন হারানোর এই ঘটনা নাগেশ্বরীবাসীর হৃদয়ে গভীর বেদনার দাগ কেটেছে।

















