
মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ আগস্ট সংঘটিত ওই ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে। সদস্যসচিব করা হয়েছে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত সুপারিশ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেবে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






