
সরকারি কর্মকর্তাদের নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে টালবাহানা করা হচ্ছে এবং মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের কর্মসংস্থানের নামে সরকারের উচ্চপর্যায়ে সিন্ডিকেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এনসিপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, বর্তমানে সরকারি কর্মকর্তারা যে বেতন পান, তা দিয়ে ১৫ দিনও চলা সম্ভব নয়। নতুন পে-স্কেল বাস্তবায়নের নামে সরকারের পক্ষ থেকে টালবাহানা করা হচ্ছে। আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রবাসী ও তাদের স্বজনদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের একটি সিন্ডিকেট করা হয়েছে। এ সিন্ডিকেটে প্রধানমন্ত্রীসহ তাঁর ঘনিষ্ঠ কিছু ব্যক্তি সরাসরি যুক্ত বলে তারা জানতে পেরেছেন—এমন দাবি করেন সারজিস আলম।
চট্টগ্রামের বর্ষাকালীন পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বর্ষা শেষ হতে না হতেই চট্টগ্রামের নীতিনির্ধারকদের স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করে। বর্ষা এলেই তারা নাটক বা শুটিং শুরু করেন। আগামী বর্ষায় এমন দৃশ্য আর দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
সারজিস আলম আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস না যেতেই পূর্ববর্তী সরকারের চরিত্র দেখতে পাওয়া যাচ্ছে। এটি ভবিষ্যতে ফ্যাসিবাদ কায়েমের পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত।
চট্টগ্রামের স্বাস্থ্য খাত ও যোগাযোগ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, চট্টগ্রামের রাস্তাঘাটের যে অবস্থা, তাতে মনে হয় অসুস্থ মানুষ হাসপাতালে না গিয়ে ঘরে বসে থাকলেই ভালো। বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য চিকিৎসার জন্য কেন ঢাকায় যেতে হবে—এ প্রশ্নও তোলেন তিনি।
এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, জাতীয় পার্টির মতো আওয়ামী লীগের পোষা দল তারা আর বাংলাদেশে দেখতে চান না। তবে বর্তমান বিরোধী দলকেও জাতীয় পার্টির সঙ্গে তুলনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, আগামীতে এনসিপি এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেবে এবং প্রতিটি সেক্টরে একক প্রার্থী ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।






