সরকার কাঁচা মরিচের দাম স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি দেওয়ায় বাজারে ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে।
সোমবার (৩ আগস্ট) থেকে কাঁচা মরিচ আমদানি কার্যক্রম শুরু হচ্ছে। এ খবরে রাজধানীর বিভিন্ন বাজারে একদিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।
রাজধানীর মানিকনগর পুকুরপাড় বাজারের সবজি বিক্রেতা আকবর আলী জানান, টানা বৃষ্টিতে কৃষকদের মরিচক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকদিন ধরে পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম ছিল। তবে আজ সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে দামও কমেছে।
একই বাজারে কাঁচা মরিচ কিনতে এসে ক্ষোভ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক রোকন উদ্দিন। তিনি বলেন, কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট কাজ করছে। কয়েকদিন আগেও ২৫০ গ্রাম কাঁচা মরিচ ২০ টাকায় কিনলেও এখন একই পরিমাণ কিনতে ৮০ টাকা গুনতে হচ্ছে। তার প্রশ্ন, যদি সিন্ডিকেট না থাকে, তাহলে গতকাল ৪০০ টাকা কেজি দামের কাঁচা মরিচ আজ কীভাবে ৩০০ টাকায় নেমে এলো?
এর আগে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
বাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সোমবার থেকেই আমদানি শুরু হওয়ায় আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

















