রিয়েলিটি শো ‘লকআপ ২’ থেকে বিদায় নেওয়ার পরও আলোচনায় রয়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। এবার ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, বিনোদন অঙ্গনের এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কাস্টিং কাউচের প্রস্তাব পেয়েছিলেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিয়ারের শুরুতে একটি বিউটি পেজেন্টে অংশ নিতে আকাঙ্ক্ষার প্রয়োজন ছিল ১ থেকে ২ লাখ রুপি। পোশাক, প্রশিক্ষণসহ অন্যান্য খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য তখন তাঁর পরিবারের ছিল না। এ কারণে পেজেন্ট অঙ্গনের পরিচিত এক ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন তিনি।
আকাঙ্ক্ষার ভাষ্য, অর্থের বিনিময়ে ওই ব্যক্তির হয়ে কয়েক মাস কর্মী হিসেবেও কাজ করতে রাজি ছিলেন তিনি। পরে ওই ব্যক্তি তাঁকে নিজের বাসায় যেতে বলেন। এর আগে সেখানে যাওয়ার অভিজ্ঞতা থাকায় কোনো ধরনের সন্দেহ ছাড়াই সেখানে যান আকাঙ্ক্ষা।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী দাবি করেন, সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি আকাঙ্ক্ষাকে জোর করে ধরে ফেলেন। তবে হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নেন তিনি।
আকাঙ্ক্ষার অভিযোগ, এরপর ওই ব্যক্তি তাঁকে বলেন, আরও আগে তাঁর কাছে গেলে বিনোদন অঙ্গনে অনেক বড় হতে পারতেন। পরে ওই ব্যক্তি তাঁকে অর্থের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেন বলেও দাবি করেন অভিনেত্রী। এমনকি মাসে কতবার শারীরিক সম্পর্ক করতে হবে, সেটিও শর্ত হিসেবে জানানো হয়েছিল বলে অভিযোগ তাঁর।
ওই ব্যক্তির উদ্দেশ্য আগে বুঝতে না পারায় আফসোসের কথাও জানিয়েছেন আকাঙ্ক্ষা। তিনি বলেন, তাঁর আসল উদ্দেশ্য জানলে কখনোই সেখানে দেখা করতে যেতেন না।
তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই আকাঙ্ক্ষার। নিজের ক্যারিয়ারের সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, প্রস্তাব প্রত্যাখ্যানের প্রায় ছয় মাস পর একটি বড় শোয়ের অংশ হন এবং এক বছরের মধ্যেই দেশের অন্যতম বড় একটি মঞ্চে দাঁড়ানোর সুযোগ পান। তাঁর দাবি, নিজের সাফল্য ও পরিচিতি সম্পূর্ণ তাঁর পরিশ্রমের ফল।
আকাঙ্ক্ষা চৌধুরী তাঁর অভিযোগে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। তাঁর অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।


















