স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী আর আসবে না, ছিলও না।
শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে ‘আমরা শেষ হবো না, আপনারা শেষ হবেন’। কেউ নিজ বাড়িতে বা কর্মস্থলে নিরাপদে থাকতে পারবেন না। কারণ সবাই সবার কর্মকাণ্ড সম্পর্কে জানে।
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করা যাবে না। সবাইকে সম্মিলিতভাবে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, লাখ লাখ বাংলাদেশি তরুণ-তরুণী বিদেশে কাজ করছেন। তারা দেশে অর্থ না পাঠালে দেশের রিজার্ভ শূন্য হয়ে যেত। মানুষ খেতে পারত না, বেতনও দেওয়া সম্ভব হতো না।
তিনি আরও বলেন, ‘আমাদের সুঠাম-সুন্দর মানুষ তৈরি করতে হবে। তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। সারাবিশ্বে বাংলাদেশিরা ছড়িয়ে পড়বে।’


















