টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের বেতো গ্রামে এক চেয়ারম্যানের বাড়িতে পূর্বশত্রুতার জেরে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়াজেদ আলী (৭০), তার স্ত্রী ও ছেলে পিয়াল আহত হয়েছেন। গত ২৮ জুলাই দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় হঠাৎ চিৎকারের শব্দ শুনে তারা চেয়ারম্যান বাড়ির সামনে ছুটে আসেন। সেখানে ওয়াজেদ আলীকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা।
প্রতিবেশী সাজেদা ও মমতাজ জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে ওয়াজেদ আলীকে আহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চেয়ারম্যানের ভাই গোলজার হোসেনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সাইদুর রহমানের নেতৃত্বে একদল লোক চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় ওয়াজেদ আলীকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করা হয়। তার ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
স্থানীয় সাত্তার মেম্বারও অভিযোগ করেন, সাইদুর রহমানের নেতৃত্বে একদল লোক চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এতে ওয়াজেদ আলী, তার স্ত্রী ও ছেলে পিয়াল আহত হন। আহতরা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















