টাঙ্গাইলের মধুপুরে ইউনিয়ন বিএনপির এক সাবেক নেতার মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জালেমন বেগম (৬৫) ওই গ্রামের মৃত আইজউদ্দিনের স্ত্রী এবং শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর জালেমন বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে প্রতিবেশী এক নারী পান খেতে তার বাড়িতে গেলে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করা দুর্বৃত্তরা জালেমন বেগম তাদের চিনে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর তার গলায় থাকা একটি সোনার চেইন এবং ঘরে থাকা মাটির ব্যাংকে জমা নগদ অর্থ নিয়ে যায় তারা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















