শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও ভবিষ্যৎ উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা খাতের পাশাপাশি দক্ষতা উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাই নয়, শিক্ষার্থীরা যেন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং ভবিষ্যতে বিভিন্ন পেশার জন্য প্রস্তুত হতে পারে, সে লক্ষ্যেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “মিড-ডে মিল একটি সময়োপযোগী উদ্যোগ। এটি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ আরও এগিয়ে যাবে।”
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ভিত্তি তৈরি করতে হবে প্রাথমিক স্তর থেকেই।
তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, যা পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি বর্তমান সরকার বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রম চালু করেছে। তাই শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য প্রাথমিক স্তর থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।
শিক্ষার্থীদের পুষ্টির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়গুলোতে কীভাবে শিক্ষার্থীদের জন্য প্রোটিনসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “কোনোভাবেই টাঙ্গাইলে মাদক চলতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, অনেক বাবা-মা সন্তানের শিক্ষার ব্যয় বহনের জন্য ধান, জমি কিংবা গবাদিপশু বিক্রি পর্যন্ত করেন। সেই সন্তান যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে পরিবারের সব ত্যাগ ব্যর্থ হয়ে যায়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মনোযোগসহকারে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিড-ডে মিল কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


















