সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলকেও এআইভিত্তিক ট্রাফিক নজরদারির আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা এড়াতে কোনো কোনো মোটরসাইকেল চালক নম্বর প্লেটের তিনটি সংখ্যা ঢেকে সড়কে চলাচল করছেন। আবার মোটরসাইকেলের নম্বর প্লেট শুধু পেছনে থাকায় ট্রাফিক আইন ভঙ্গ করলে সামনের দিক থেকে ধারণ করা ছবিতে অনেক সময় এআই ক্যামেরা সঠিকভাবে নম্বর শনাক্ত করতে পারে না।
এ কারণে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি কার্যকর করতে ইতোমধ্যে বিআরটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েক দফা বৈঠক করেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।


















