ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তীব্র জ্বর ও শরীরব্যথা সত্ত্বেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–এর খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে অভিজিৎ দীপকে জানান, প্রচণ্ড জ্বর ও শারীরিক অসুস্থতার মধ্যেও ব্যথানাশক ওষুধ সেবন করে আন্দোলনে অংশ নিচ্ছেন। সাময়িক বিশ্রামের জন্য আন্দোলনস্থল ছেড়ে গেলেও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তিনি আবারও বিক্ষোভ মঞ্চে ফিরবেন বলে জানান।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বুধবার রাতে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন অভিজিৎ দীপকে। তিনি এ ঘটনাকে ‘পুলিশি নৃশংসতা’ আখ্যা দেন।
তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে একটি দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার বদ্ধপরিকর এবং এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
মোদির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্ষমতাসীন এনডিএ জোট ও বিজেপির শীর্ষ নেতারা।
সূত্র: এনডিটিভি।


















