ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভের প্রভাব দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ার মধ্যে এবার পশ্চিমবঙ্গের কলকাতায় মিছিলের অনুমতি চেয়েছে দলটি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার কলকাতায় মিছিল আয়োজনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৯ ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন) বরাবর ইমেইল পাঠান দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
ইমেইলে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করতে চায় দলটি। কর্মসূচিতে প্রায় দেড় হাজার মানুষের সমাগম হতে পারে বলেও জানানো হয়েছে।
কলকাতা পুলিশ ইমেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়নি।
সূত্র: আনন্দবাজার অনলাইন।


















