সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটার পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। গত ৫ আগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে এক লিটার মিল্কভিটার পাস্তুরিত দুধের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১০ টাকা হয়েছে।
মিল্কভিটার সভাপতি এস এম আমীর হামজা শাতিল বিবিসি বাংলাকে বলেন, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও গো-খাদ্যের পাশাপাশি প্যাকেটজাত দুধের উৎপাদন খরচও আগের তুলনায় বেড়েছে।
মিল্কভিটার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের প্রভাবেও প্যাকেজিং সামগ্রীর দাম বেড়েছে। প্রতিষ্ঠানটির ব্যবহৃত পলিফিল্মের দাম আগে প্রতি কেজি ২৭৫ থেকে ২৮০ টাকা থাকলেও বর্তমানে তা প্রায় ৪৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। সরবরাহ সংকটের কারণে অনেক সময় প্রয়োজনীয় প্যাকেজিং সামগ্রী পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া কাপ, বোতল ও আইসক্রিমের ক্যানসহ বিভিন্ন প্যাকেজিং সামগ্রীর দামও বেড়েছে বলে জানিয়েছেন মিল্কভিটার সভাপতি। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যয় আরও বেড়েছে। তাঁর ভাষ্য, ঢাকার দুগ্ধ কারখানায় প্রায় ৪৫ দিন ধরে গ্যাস সরবরাহ নেই। ফলে বাজার থেকে প্রায় তিন গুণ বেশি দামে এলপিজি কিনে উৎপাদন কার্যক্রম চালাতে হচ্ছে।
মিল্কভিটার দাবি, গ্যাস, বিদ্যুৎ, গো-খাদ্য ও প্যাকেজিং সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানের সামগ্রিক উৎপাদন ও পরিচালন ব্যয় বেড়েছে। এসব ব্যয় সামাল দিতেই পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।


















