বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’ (RAW) প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় এসেছেন পরাগ জৈন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এ সফর নিয়ে দুই দেশের পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পরাগ জৈন বর্তমানে ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর সেক্রেটারির পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
তার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সরকারি সূত্র জানিয়েছে, সফরকালে ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকায় আসার আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ‘র’ প্রধানের এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


















