ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না। একমাত্র ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হলে মানুষের অধিকার বাস্তবায়ন সম্ভব।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর টাউন হলে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছয় মাসে দেশে ঘুষ-দুর্নীতি বন্ধ করা যায়নি। আমি বলি—বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম।’
তিনি বলেন, দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হলে মানুষের অধিকার নিশ্চিত হবে। এটি বাস্তবায়ন হলে ১০ বছরের মধ্যে দেশের সব গরিব মানুষ দরিদ্রসীমার ওপরে উঠে আসবে। নারীদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং তারা সমঅধিকার নয়, ন্যায্য অধিকার পাবে।
নির্বাচনের প্রসঙ্গ তুলে ফয়জুল করীম বলেন, ‘আমরা নির্বাচনের আগে কোরআনের পক্ষে একটি ভোটের বাক্স করেছিলাম। স্টিয়ারিংয়ে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমাদের কাফেলা সাহসের সঙ্গে এগিয়ে চলছিল। আশা ছিল, দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা হবে। হঠাৎ দেখি স্টিয়ারিংয়ে চরমোনাই পীর সাহেব নেই। আমরা দেখি, কাফেলা মদিনা থেকে আমেরিকার দিকে চলে যাচ্ছে। সেজন্য আমরা জোট ত্যাগ করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারি, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারি না।’
সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার।
এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, সেক্রেটারি মুহা. মাহমুদুর রহমান রিপন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


















