কেউ কেউ মাত্র ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল হয়ে আছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অনেকে জুলাইকে ৩৬ দিনের আন্দোলন হিসেবে দেখছেন। কিন্তু জুলাই ১৭ বছরের আন্দোলনের ফসল। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করছেন, তাদের শিক্ষা হওয়া উচিত। তিনি বলেন, জুলাইয়ের কৃতিত্ব নিয়ে একেকজন একেক ধরনের বয়ান দিচ্ছেন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে। অন্তর্বর্তী সরকারের গাফিলতির সমালোচনা করে তিনি বলেন, এখনো হাজার হাজার জুলাই যোদ্ধা গেজেটের অন্তর্ভুক্ত হতে পারেননি।
মন্ত্রী জানান, গত ১৭ বছরের আন্দোলনে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের জন্য শিগগিরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন একটি অধিদফতর চালু করা হবে।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে। তবে হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে বাধা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে জুলাইয়ে যেসব চিকিৎসক চিকিৎসাসেবা না দিয়ে দায়িত্বে অবহেলা করেছেন, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, জুলাই ছিল জনগণের উত্থান। এর কৃতিত্ব নিতে ব্যস্ত না হয়ে জুলাইকে ঘিরে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে।


















