মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের দায় কতটুকু, তা নির্ধারণে তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত শেষে দলটি রাজনৈতিক দল হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে এবং বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, “একটি স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর আমরা যদি বলি ‘জুলাই কার, জুলাই কার’, তবে জুলাই আমাদের কারোরই থাকবে না। এই বিভাজন থেকে আমাদের বের হয়ে আসতে হবে।”
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমন্ত্রণ জানানো হলেও অনেক দল এখনও প্রতিনিধি মনোনয়ন দেয়নি। তবে জুলাই জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, দেশের বাস্তবতা ও প্রয়োজনের আলোকে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। প্রতিটি সংশোধনীই একটি করে গুরুত্বপূর্ণ সংস্কার, যা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে আরও কার্যকর ও গণতান্ত্রিক করা সম্ভব।


















