জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রের প্রসঙ্গ তুলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতি ছিল এবং এ বিষয়ে দুঃখ প্রকাশও করা হয়েছে। এরপরও বিষয়টি কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি কাম্য নয়।
আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাব্য বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “তারা নাকি ডিসেম্বরে দেশে আসবে। আসুক, রাজপথে দেখা হবে।”তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাব।”
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতার সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, কেউ বক্তব্য দিতে গেলে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেওয়া কোনো সুস্থ সংস্কৃতি নয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমন আচরণ শোভনীয় নয়। তিনি সবাইকে পারস্পরিক সম্মান প্রদর্শনের আহ্বান জানান।


















