বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। সরকারে আসছেন বলে কাউকে গরম দেখানো বা কারও কাছ থেকে জোর করে কিছু নেওয়া যাবে না। দাম্ভিকতা ও সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না।
রোববার (২ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে এক আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং বিনয়ী হতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, সরকারে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে কারও সঙ্গে খারাপ আচরণ বা জোরজবরদস্তি করা যাবে না।
ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম মানুষের অত্যন্ত সংবেদনশীল ও কাছের বিষয়। তাই ধর্মের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ রাষ্ট্রে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সবার সমান অধিকার রয়েছে। বিএনপি মানুষের কল্যাণে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, একদিকে অবকাঠামোগত উন্নয়ন, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সবাই মিলে চাইলে ঠাকুরগাঁওকে দারিদ্র্যমুক্ত করা, উন্নয়ন করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আল্লাহর কাছে মন থেকে চাইলে তিনি তা কবুল করবেন বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৫ বছর তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এ সময় অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে আদালতে হাজিরা দিতে দিতে জীবন কাটিয়েছেন এবং অনেকেই কারাগারে গেছেন।
স্বাস্থ্যসেবা নিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চিকিৎসক সংকট রয়েছে এবং হাসপাতালের পরিবেশও ভালো ছিল না। এখন পরিস্থিতির উন্নতি করা হচ্ছে। ভবিষ্যতে আরও চিকিৎসক আনা, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং একটি ডায়ালাইসিস সেন্টার করার চেষ্টা করা হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য রংপুরে যেতে না হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব নেতাকর্মীদের মানুষের ভালোবাসা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, যারা চেয়ারম্যান-মেম্বার হতে চান, তাদের মানুষের কাছে গিয়ে ভালো কাজ করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে মানুষই তাদের নির্বাচিত করবে।
এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতিও নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এবারের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। তাদের বিষয়টি মনে রেখে তাদের জন্যও কাজ করতে হবে।


















