জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মাণ করা একটি স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে তোরণটি নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই রাতে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে কিছুটা দূরে তোরণটি নির্মাণ করে। পাশাপাশি জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে কে বা কারা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়।
এ বিষয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, জুলাই গণঅভ্যুত্থান এক দিনের ফসল নয়; এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের বিজয়। তাঁর দাবি, এই আন্দোলনের মধ্য দিয়ে নিপীড়িত মানুষের বিজয় হয়েছে এবং স্বৈরাচার সরকারের পতন ঘটেছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


















