সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৩ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), ১৩ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার।
অবসরে যাওয়া ডিআইজিরা হলেন—মো. আব্দুল্লাহ আল বাকী (হাইওয়ে পুলিশ), মো. ওয়ালিদ হোসেন (বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা) এবং সানা শামীনুর রহমান (সিআইডি)।
অতিরিক্ত ডিআইজিরা হলেন—মো. সারোয়ার হোসেন (সিআইডি), বিধান ত্রিপুরা (ট্যুরিস্ট পুলিশ), ড. এ কে এম ইকবাল হোসেন (পুলিশ স্টাফ কলেজ), সাহেলী ফেরদৌস (এপিবিএন), রেবেকা সুলতানা (সিআইডি), মো. তবারক উল্লাহ (বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা), হাসিনা রহমান (পুলিশ টেলিকম), ফয়সল মাহমুদ (পুলিশ অধিদপ্তর), কানিজ ফাতেমা (পুলিশ অধিদপ্তর), সুলতানা নাজমা হোসেন (ট্যুরিস্ট পুলিশ), জেসমিন বেগম (নৌ পুলিশ), মোসা. ফরিদা ইয়াসমিন (ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার) এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান।
এ ছাড়া টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকেও অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


















