স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে।
জুলকারনাইন সায়ের তার পোস্টে লেখেন, “আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।”
তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সূত্র থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই বিষয়টি আপাতত জুলকারনাইন সায়েরের ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।


















