ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হবে না কেন—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ২৬ নম্বর ধারায় চেয়ারম্যান পদপ্রার্থীদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না কেন—তাও জানতে চেয়েছেন আদালত। রুলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।


















