মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৫৬ বছর বয়সী ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। গত ডিসেম্বরে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ার পর তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক পোস্ট জানায়, ইনফান্তিনো বিশ্বজুড়ে সমাদৃত একজন ব্যক্তিত্ব। মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং অভিন্ন লক্ষ্য সামনে রেখে সবাইকে একত্রিত করার অসাধারণ সক্ষমতা রয়েছে তার।
বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান মেয়াদ। তবে ইনফান্তিনো নিজে এ পদে আগ্রহী কি না, কিংবা এ বিষয়ে ট্রাম্প তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন কি না—সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রথমে প্রার্থীকে নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে হয়। পরে সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত হয়। এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসির নামও আলোচনায় রয়েছে।


















