সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও সংবাদ প্রসঙ্গে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
মঙ্গলবার (২১ জুলাই) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও ভিডিওর বিষয়টি দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জামায়াত জানায়, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হবে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এরপর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দলটির পক্ষ থেকে এ বিষয়ে এর বেশি কোনো মন্তব্য করা হয়নি।

















